ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচের প্রথম দিনে ঘটেছে মজার ঘটনা। ৮২ ওভার শেষে পাকিস্তানের দুই টেলএন্ডার ব্যাটসম্যান নাসিম শাহ এবং মোহাম্মদ আব্বাসের নিজেদের ভেতর কথোপকথন প্রকাশ্যে এসেছে। মুহূর্তেই তা হয়ে গেছে ভাইরাল। ওভার বিরতিতে নাসিম ও আব্বাস নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। পাকিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ২৯৩ রান। নাসিম ব্যাট করছিলেন ৮ রানে। অন্যদিকে তখনও রানের খাতা খোলেননি আব্বাস।
ওভার শেষে নাসিম শাহকে উর্দুতে কিছু কথা বলতে শোনা যায়। যার বাংলা অনেকটা এমন- আব্বাস ভাই, আব্বাস ভাই, আপনি তো জানেন যে সব দায়িত্ব আমার উপর। সিঙ্গেল নিতে হবে। না হলে কিন্তু ড্রেসিং রুমে গিয়ে বকা খেতে হবে।
আব্বাস এবং নাসিমের সেই আলোচনা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। স্বাভাবিকভাবে গোপন আলোচনা প্রকাশ্যে চলে আসায় ভাইরাল হয়ে গেছে। শেষ পর্যন্ত ২৯৭ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুললেও নট আউট থেকে যান। নাসিম শাহকে আউট করেন ট্রেন্ট বোল্ট।
আজহার আলির ৯৩ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৬১ রানের সৌজন্যে ২৯৭ রান তোলে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ৫টি উইকেট নেন।
https://twitter.com/i/status/1345615849412063233